ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ফেসবুকে পোস্ট, অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় দেশের অধস্তন আদালতের ২৮ জন বিচারককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে আইন মন্ত্রণালয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাদের এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১ এপ্রিল এই শোকজ নোটিশ ইস্যু করা হলেও আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমের নজরে আসে।


শোকজের চিঠিতে উল্লেখ করা হয়েছে, 'আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপনার নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ বিরূপ মন্তব্য ও উসকানি প্রদানের মাধ্যমে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ কর্তৃক জারিকৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার-সংক্রান্ত নির্দেশনা অমান্য করেছেন, যা অসদাচরণ হিসেবে গণ্য।'


এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট বিচারকরা উক্ত কার্যকলাপের মাধ্যমে 'বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭' এর বিধি ২ (চ) (২) এ উল্লিখিত চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কার্যে লিপ্ত হয়েছেন, যা অসদাচরণের শামিল।


চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ৩ (২) অনুযায়ী বর্ণিত অভিযোগের বিষয়ে পত্র প্রাপ্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য তাদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


আইন মন্ত্রণালয় সূত্র জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বিচারকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ ও শিষ্টাচার মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। সেই নীতিমালা লঙ্ঘনের অভিযোগেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑